ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুষ দেওয়ার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭১৬৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ট্রাফিক আইন অমান্য করায় পুলিশ ১০ হাজার টাকার কেস দিতে চাই এখন পুলিশকে 2000 টাকা দেওয়ার বিনিময়ে উক্ত কেস থেকে মুক্ত হতে চাওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ আইনগতভাবে যে মামলা বা জরিমানা করতে চায়, তা থেকে বাঁচার জন্য পুলিশকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়া জায়েজ হবে না। এটি স্পষ্ট ঘুষের অন্তর্ভুক্ত, যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
শরীয়াতে ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই হারাম ও কবিরা গুনাহ। নিজের অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য অবৈধ পন্থায় অর্থ প্রদান করাও ঘুষের আওতাভুক্ত।
হাদীসে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:
لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي
অর্থ : রাসূলুল্লাহ ﷺ ঘুষদাতা এবং ঘুষগ্রহীতার ওপর লানত (অভিশাপ) করেছেন।
[সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৮০]
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/17581)
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
الرَّاشِي وَالْمُرْتَشِي فِي النَّارِ
অর্থ : ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামী।
[আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৫০]
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَتُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
অর্থ : তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে সে সম্পর্কে এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনও অংশ জেনে শুনে পাপের পথে গ্রাস করবে।
[সূরা আল-বাকারা, আয়াত নং ১৮৮]
(আয়াতের লিংক : https://muslimbangla.com/sura/2/tafsir/188)
মুফাসসিরগণ শাসক, বিচারক ও কর্তৃপক্ষকে ঘুষ দেওয়াকে এই আয়াতের অন্তর্ভুক্ত করেছেন।
সারকথা হলো,
ট্রাফিক আইন অমান্য করায় পুলিশ ১০ হাজার টাকার কেস দিতে চাইলে পুলিশকে ২০০০ টাকা (ঘুষ) দেওয়ার বিনিময়ে উক্ত কেস থেকে মুক্ত হওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন