যাত্রপথে নারীদের নামায
প্রশ্নঃ ১৭৩৩২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ, নারীদের মসজিদে যাওয়া হতে নিরুৎসাহিত করা ও আলাদা স্থান না রাখার ফলে কি তাঁদের সালাতে বাধা সৃষ্টি হয়না ? যেমন: ভ্রমণে, বাজারে, কর্মক্ষেত্রে ইত্যাদিতে মারহাম মসজিদে সালাত আদায় করলেন, কিন্তু নারী সালাত আদায়ের স্থান পেলেন না। এতে তার সালাত ইচ্ছাকৃত কাযা হচ্ছে না !
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তে মসজিদে গিয়ে নারীদের নামাজ আদায়ে নিরুৎসাহিত করেছে সেটা এক বিষয় আর আপনি যেটি জানতে চেয়েছেন সেটা ভিন্ন বিষয়। মসজিদে গিয়ে নামাজ পড়বে না; একথার অর্থ এই নয় যে, যাতায়াত পথে, ষ্টেশনে, হসপিটালে কিংবা যেখানে মহিলাদের যাতায়াত করতেই হয়; সেখানে তাদের নামাজের ব্যবস্থা থাকবে না। বরং ওপরিউক্ত ক্ষেত্রগুলোতে অবশ্যই মহিলাদের জন্য নামাজের উত্তম ব্যবস্থা থাকতে হবে। কেননা, ইসলামে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। যাতায়াত কিংবা সাধারণ অযুহাতে নামাজ কাযা করা কিংবা পরিহার করা জায়েজ হবে না।
আল্লাহ তাআলা বলেন:
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
অর্থ: নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। (সূরা আন-নিসা: ১০৩)
এ আয়াতের বিধান নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
«وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ»
অর্থ: তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। (সুনান আবু দাউদ, হাদিস: ৫৬৭)
অন্য হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
«لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»
অর্থ: তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। (সুনান আবু দাউদ, হাদিস: ৫৬৫; সহিহ মুসলিম, হাদিস: ৪৪২)
প্রথম হাদিসের শিক্ষা হলো, স্বাভাবিক পরিস্থিতিতে নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা উত্তম। শুধু নামাজ আদায়ের উদ্দেশ্যে তারা ঘর ছেড়ে মসিজদে যাবে না। আর দ্বিতীয় হাদিসের উদ্দেশ্য হলো, যাদি (কোনো প্রয়োজনে) নারী মসজিদে যায়; তাহলে তাকে বাঁধা দেওয়া যাবে না। বরং প্রয়োজনের ক্ষেত্রে মসজিদে গিয়ে নামাজ আদায়ের প্রয়োজন হলে, সেখানে গিয়ে নামাজ আদায়ের অনুমতি রয়েছে। সুতরাং ঘরে নামাজ আদায়ের শ্রেষ্ঠত্বকে বাইরে অবস্থানকালে নামাজের ব্যবস্থা না রাখার অজুহাত বানানো যাবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন